সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

পুলিশ কর্মকর্তা হত্যা : কাসিমপুরে আসামির ফাঁসি কার্যকর


                         উখিয়ানিউজ২৪ডেস্ক


গাজীপুর : চাঞ্চল্যকর সিআইডি ইন্সপেক্টর নজরুল ইসলাম হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হযরত আলী বুটির (৩৪) রায় কার্যকর করা হয়েছে। সোমবার রাত ১১টা ৫৫মিনিটে কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ রায় কার্যকর করা হয়। এ মামলার অপর কয়েদি লিটন সর্দার কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-১এ এবং কামাল ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে বলে জানা গেছে।


এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মো. হুমায়ুন কবীর, গাজীপুরের সহকারী পুলিশ সুপার আবুল হোসেন, সিভিল সার্জন ডা. সৈয়দ হাবিবুল্লাহ, সিনিয়র জেল সুপার টিপু সুলতান, জেল সুপার সুভাষ কুমার ঘোষ উপস্থিত ছিলেন। জল্লাদ ছিল শাহজাহান নামে এক সাজাপ্রাপ্ত কয়েদি।

কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, ২০০২ সালে ঢাকার মোহাম্মদপুর থানায় কর্মরত সিআইডি ইন্সপেক্টর নজরুল ইসলাম কর্তব্য শেষে রাতে বাড়ি ফেরার জন্য ধানমন্ডি প্লাজার সামনে থেকে একটি স্কুটার যোগে রওনা হন। স্কুটারটি শ্যামলী পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী হযরত আলী বুটি তার অপর দুই সহযোগী লিটন সর্দার (২২) ও কামালকে (২৪) সঙ্গে নিয়ে জোরপূর্বক স্কুটারে উঠে পড়ে।

তারা নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে রিভলবার ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় পিছন থেকে একটি মাইক্রোবাস থেকে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে ছিনতাইকারীরা পালাবার চেষ্টা করে। মোহাম্মদপুর ট্রাক স্ট্যান্ডে রাস্তায় ব্যারিকেড দিয়ে স্থানীয়রা তাদের আটক করে। ছুরিকাহত নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্কুটার চালকসহ চার জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ২০০৪ সালে ঢাকার দ্রুত বিচার আদালত-৪ এর বিচারক মামলাটির রায়ে হযরত আলী বুটির বিরুদ্ধে ফাঁসির দণ্ড প্রদান করেন। আসামি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপিল করে। উভয় আদালতই দ্রুত বিচার আদালতের রায় বহাল রাখেন। পরে চলতি বছর জুন মাসে রাষ্ট্রপতির নিকট প্রাণ ভিক্ষার আবেদন করলে রাষ্ট্রপতিও আবেদন নামঞ্জুর করেন। তারই প্রেক্ষিতে সোমবার রাতে বুটির ফাঁসির রায় কার্যকর হলো।

গাজীপুরের সিভিল সার্জন ডা. হাবিবুল্লাহ সংবাদের সত্যতা স্বীকার করে বলেন, ফাঁসির রায় কার্যকর করার পর হযরত আলী বুটির ভাই দেলোয়ার হোসেন তার লাশ গ্রহণ করেন। মাদারীপুর জেলার শিবচর উপজেলার রাজার চরকান্দি গ্রামে বুটির লাশ দাফন করা হবে।



পিটিবি নিউজ ডটকম

কোন মন্তব্য নেই: