সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

 মোবাইল চ্যাটিং যখন তখন

ইন্টারনেট পুরো বিশ্বকে যেমন হাতের মুঠোয় এনে দিয়েছে, তেমনি ই-মেইল, মেসেঞ্জার ও বিভিন্ন সামাজিক ওয়েবসাইটগুলোর মাধ্যমে হাজার মাইল দূরে থাকা প্রিয়জনকেও চোখের সামনে এনে রেখেছে সবসময়। ডিজিটাল যোগাযোগের এসব ব্যবস্থায় জনপ্রিয় হলো ইনস্ট্যান্ট মেসেঞ্জিং বা চ্যাটিং। শুধু যোগাযোগের ক্ষেত্রে নয় চ্যাটিং হয়ে উঠেছে আড্ডা-বিনোদনের অন্যতম মাধ্যমে। এক সময় ইন্টারনেট কম্পিউটারনির্ভর হলেও এখন সেটি ঢুকে পড়েছে আপনার ছোট মুঠোফোনেও। শুধু কথা বলার দিন পেরিয়ে মুঠোফোন এখন সব ধরনের বিনোদন যন্ত্রে পরিণত হয়েছে। তাই চ্যাটিং বা ইনস্ট্যান্ট মেসেজিং এখন মুঠোফোনেই করা যায় যখন তখন। আসুন, জেনে নিই মুঠোফোনে ইনস্ট্যান্ট মেসেঞিনং বা চ্যাটিং করার জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন, যেগুলোর যেকোনো একটি আপনার মুঠোফোনে ইনস্টল করলেই আপনি ঢুকতে পারবেন চ্যাটিং দুনিয়ায়।
ফেসবুক চ্যাট
যাঁরা ফেসবুক ব্যবহার করেন তাঁদের অনেকেই ফেসবুক চ্যাটিংয়ে অভ্যস্ত। তবে অনেকেই ভাবেন, ফেসবুকে চ্যাটের জন্য ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারের প্রয়োজন। কিন্তু মুঠোফোন দিয়েও ফেসবুকের বন্ধুদের সঙ্গে চ্যাট করার জন্য রয়েছে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার। তেমনি একটি হলো ফেসবুক চ্যাট। এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনার মুঠোফোন দিয়েই শুধু অনলাইনে থাকা ফেসবুকের বন্ধুদের সঙ্গে আপনি চ্যাট করতে পারেন যখন তখন। নকিয়া সেট ব্যবহারকারীরা অভি স্টোর থেকেই বিনা মূল্যে নামাতে পারেন ফেসবুক চ্যাট প্রোগ্রামটি। তা ছাড়া http://m.getjar.com এই ঠিকানার ওয়াপসাইট থেকেও ফেসবুক চ্যাট বিনা মূল্যে নামানো যাবে।
ইবাডি মোবাইল মেসেঞ্জার
ইনস্ট্যান্ট মেসেঞ্জিংয়ের একটি জনপ্রিয় মোবাইল সফটওয়ার হলো ইবাডি। ইবাডির সুবিধা হলো এটি দিয়ে একই সঙ্গে এমএসএন, ইয়াহু, গুগলটক, আইসিকিউ, ফেসবুক ও মাইস্পেস অ্যাকাউন্টে চ্যাট করা যায়। এমনকি একই সঙ্গে ফেসবুকের একাধিক আইডি দিয়েও আপনি চ্যাট করতে পারবেন এর মাধ্যমে। রয়েছে তাৎক্ষণিক ছবি তোলা ও পাঠানোর সুযোগ। এর সর্বশেষ সংস্করণে ফেসবুকে স্ট্যাটাস লেখা এবং স্ট্যাটাসে কমেন্ট করার সুবিধাও যুক্ত হয়েছে। অ্যাপ্লিকেশনটি ইবাডির ওয়াপসাইট http://m.ebuddz.com থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারেন।
নিমবাজ
মুঠোফোনে চ্যাট করার আরেকটি জনপ্রিয় সফটওয়্যার হলো নিমবাজ।ইবাডির মতো নিমবাজ দিয়েও একই সঙ্গে ইয়াহু, গুগলটক, এইম, উইন্ডোজ লাইভ, ফেসবুক—এসব অ্যাকাউন্টে চ্যাট করার সুযোগ রয়েছে। সেসঙ্গে রয়েছে ছবি, গান ও যেকোনো ধরনের ফাইল সেন্ড করার সুবিধা। বিনামূল্যে ভয়েস কল করার সুবিধাও পাওয়া যায় নিমবাজে।এটি ডাউনলোড করতে পারেন http://wap.nimbuzz.com এই ঠিকানা থেকে।
মিগ ৩৩
নিজেই চ্যাটরুম তৈরি করে নিজেদের চ্যাট কমিউনিটি গড়ে তোলা অথবা পৃথিবীর বিভিন্ন দেশের আলাদা আলাদা চ্যাটরুমে চ্যাটিং করার জন্য গরম ৩৩। গ্রুপ চ্যাটিং করার সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন এটি। তা ছাড়া নিজের প্রোফাইল তৈরি, ই-মেইল পাঠানো, ছবি শেয়ার ও অনলাইন গেমস খেলার সুবিধাও রয়েছে এতে। রয়েছে ইয়াহু, গুগল, ফেসবুকে অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট মেসেঞ্জিংয়ের সুযোগ। অ্যাপ্লিকেশনটির সর্বশেষ সংস্করণ পাওয়া যাবে এই http://mig33.com ঠিকানায়।
রকিটক
একই সঙ্গে টেক্সট চ্যাট, ভয়েস চ্যাট এবং পিকচার চ্যাট করা যায় রকইটক দিয়ে। বিশেষ করে মুঠোফোন দিয়ে ভয়েস চ্যাটের জন্য এটি খুবই জনপ্রিয়। রকিটকে অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবেন অনলাইনে থাকা পৃথিবীর বিভিন্ন দেশের রকিটক ব্যবহারকারী বন্ধুদের। ভয়েস চ্যাট করতে আপনার মুঠোফোনে ভয়েস রেকর্ডার থাকলেই চলবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে রকিটকের অফিশিয়াল ওয়াপসাইট http://m.rocketalk.com-এ ভিজিট করুন।
ইনস্ট্যান্ট মেসেঞ্জিং বা চ্যাটিং সব ধরনের মুঠোফোনে করা যায় না। এর জন্য আপনার জাভা অ্যাপ্লিকেশন সমর্থন করে এমন মাল্টিমিডিয়া হ্যান্ডসেট প্রয়োজন। সেসঙ্গে মুঠোফোনে ইন্টারনেট সংযোগও সক্রিয় (অ্যাকটিভ) থাকতে হবে।

কোন মন্তব্য নেই: