১৬ জুলাই, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা, পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হয়েছে। শনিবার বেলা ১১টায় পুলিশের তালিকাভূক্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করতে গেলে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে পুঁজি করে আরএসও সমর্থিত একটি গ্রুপ এক রোহিঙ্গা নিহত হয়েছে বলে গুজব শুরু করেছে। এনিয়ে পরিস্থিতি
অশান্ত করার পাঁয়তারা চালাচ্ছে একটি মহল। এতে পুলিশ, প্রশাসন সহ স্থানীয় লোকজন বেকায়দায় পড়েছে।কক্সবাজারে উখিয়া সার্কেলের দায়িত্বরত সহকারী পুলিশ সুপার ছত্র ধর ত্রিপুরা জানিয়েছেন, বেলা ১১ টায় উখিয়া পুলিশের একটি দল আবু তৈয়ুব নামে ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করতে ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের সঙ্গে রোহিঙ্গা ও স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আট জন রোহিঙ্গা সহ ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে। আধা ঘন্টার মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এদিকে এ ঘটনার পর থেকে আরএসও (রোহিঙ্গা জঙ্গি) সমর্থিত একটি মহল এক রোহিঙ্গা নিহত হয়েছে বলে গুজব শুরু করেছে। তারা নিহত সংবাদ প্রচার করে রোহিঙ্গাদের উত্তেজিত করার চেষ্টা করছে। এ সম্পর্কে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মাহমুদ বলেন, আট জন রোহিঙ্গা সামান্য আঘাত পেয়েছে। এরা উখিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। নিহত হওয়ার বিষয়টি গুজব মাত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন