ইউএনটি ডেস্ক
উখিয়া-টেকনাফের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি কর্তৃক জাতীয় পার্টি নেতা ও শিক্ষক সমিতি টেকনাফ উপজেলা শাখার সভাপতি শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মনজুরকে অমানবিক নির্যাতনের
প্রতিবাদে শিক্ষকতা পেশায় নিয়োজিত জেলার সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকগণ এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে একাত্মতা ঘোষণা করে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। টেকনাফ শামলাপুর এলাকায় ছাত্র/ছাত্রী, সাধারণ অভিভাবক নারী-পূরুষ প্রতিদিন বিকালে মিছিল বের করছে। ব্যবসায়ীরা দোকান-পাঠ বন্ধ রেখে দুই দিন ধরে এমপি বদির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মনির আহমদ বুধবার থেকে ২ দিনের জন্য বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান । প্রিয় শিক্ষককে একনজর দেখতে শামলাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অনেকে ব্যাকুল হয়ে ছুটে আসছে জেলা সদর হাসপাতালে। জেলার সকল শিক্ষা প্রতিষ্টানে দায়িত্বরত শিক্ষক সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ এমপি বদির বিরুদ্ধে শিক্ষক পেটানোর মত ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে ৭দিনের আল্টিমেটাম দিয়েছেন। আগামী সোমবারের মধ্যে এমপি বদির বিচার না হলে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয়, সরকারী-বেসরকারী মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুসিয়ারী উচ্চারণ করেছেন শিক্ষক সমন্বয় পরিষদ নেতা মোস্তফা কামাল চৌধুরী মুছা।
শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এক বিবৃতিতে উল্লেখ করেন, প্রধান শিক্ষক এমএ মনজুরকে শারীরিকভাবে অমানবিক নির্যাতন করে সাংসদ বদি একদিকে পুরো শিক্ষক সমাজকে আহত ও বিক্ষুদ্ধ করেছেন, অপরদিকে মহান জাতীয় সংসদের ভাবমুর্তিকে ক্ষুন্ন সহ ককসবাজার জেলা আ.লীগের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। আগামী মঙ্গলবার (১২জুলাই) শিক্ষক পেটানোর উপযুক্ত বিচার পাবার প্রত্যাশায় শিক্ষকদের এক প্রতিনিধিদল প্রধান মন্ত্রীর দপ্তরে যাবেন বলেও জানা গেছে। উল্লেখ্য, শামলাপুর উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ দখলে বাঁধা দেয়ায় রবিবার বিকালে প্রধান শিক্ষক এমএ মনজুরকে এমপি আবদুর রহমান বদি লাঠিপেটা করে গুরুতর আহত করেন। ওই শিক্ষক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন