২০১১-২০১২ অর্থবছরের বাজেটে ইন্টারনেটের ওপর থেকে সব ধরনের কর প্রত্যাহার করতে হবে। এছাড়াও কম্পিউটারসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্যের ওপর যেভাবে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হচ্ছে, তাই যেন বহাল রাখা হয়।
একই সঙ্গে তথ্যপ্রযুক্তি শিল্পের সুবিধার জন্য আলাদা একটি সার্ভিস কোড চালু করতে হবে। গতকাল শনিবার ঢাকায় বাংলাদেশ আইটি জার্নালিস্টস ফোরাম (বিআইজেএফ) কর্তৃক আয়োজিত এক প্রাক-বাজেট গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের জন্য একটি প্রযুক্তিবান্ধব বাজেট প্রণয়নের দাবি জানান বক্তারা। বাজেটে তথ্যপ্রযুক্তির উন্নয়নের জন্য একটি তহবিল গঠনের দাবি জানানোর পাশাপাশি এ শিল্পে মানবসম্পদ উন্নয়নের জন্য একটি বরাদ্দ রাখার কথা বলা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিনা মূল্যে ইন্টারনেট-সুবিধা পৌঁছে দেওয়ার কথাও বলা হয় বৈঠকে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। এসব বিষয় সহজে সমাধান করার জন্য আইসিটি মন্ত্রণালয়কে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে এ দেশের তথ্যপ্রযুক্তিতে উন্নতি করা সম্ভব বলে মনে করেন তিনি।
গোলটেবিল বৈঠকে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, সাবেক সভাপতি মো. সবুর খান, মহাসচিব মুজিবুর রহমান, অ্যাসোসিওর উপসভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, গ্রামীণফোনের মহাব্যবস্থাপক এ এইচ এম সুলতানুর রেজা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, আইএসপি অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সুমন আহমেদ, বিআইজেএফের সভাপতি মো. কাওছার উদ্দিনসহ আরও অনেকে আলোচনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন