সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ইউপি নির্বাচনে ট্রাইব্যুনাল গঠন করছে ইসি

(শীর্ষ নিউজ ডটকম): ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ সংক্রান্ত দরখাস্ত ও আপিল গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির জন্য প্রতি জেলায় নির্বাচনী ও আপিল ট্রাইব্যুনাল গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে দু'এক দিনের মধ্যেই আইন ও জনপ্রসাশন মন্ত্রণালয়ে পৃথক তিনটি চিঠি পাঠাবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৫৭টি জেলার ইউপিগুলোর চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে বিরোধ সংক্রান্ত দায়েরকৃত
দরখাস্ত গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির লক্ষ্যে এ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। স্থানীয় সরকার (ইউপি) আইন ২০০৯ এর ২৩ ধারা মোতাবেক গঠন হবে এসব নির্বাচনী ট্রাইব্যুনাল। এ জন্য প্রতি জেলায় বিচার বিভাগীয় কর্মকর্তা অর্থাৎ একজন করে সহকারী অথবা সিনিয়র সহকারী জজ কর্তৃক নির্বাচনী ট্রাইব্যুনাল গঠনের অনুরোধ জানিয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে নির্বাচন কমিশন। এছাড়াও একই আইনের আওতায় নির্বাচনী বিরোধ সংক্রান্ত আপিল গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির লক্ষ্যে জেলা প্রতি নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করা হবে। এজন্য বিচার বিভাগীয় কর্মকর্তা অর্থাৎ একজন অতিরিক্ত জেলা জজ এবং একজন নির্বাহি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠনের অনুরোধ জানিয়ে আইন ও জনপ্রসাশন মন্ত্রণালয়ে পৃথক দু'টি চিঠি পাঠাবে কমিশন।
এদিকে একই আইনের আওতায় পুনরায় তফসিল ঘোষিত ১১ পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে প্রতি জেলায় একজন যুগ্ম জেলা জজ কর্তৃক নির্বাচনী ও একজন জেলা জজ কর্তৃক নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করবে ইসি। এ লক্ষ্যে আইন মন্ত্রণালয়ে আরো একটি চিঠি পাঠাবে ইসি। আদালতের আদেশসহ নানা কারণে স্থগিত হওয়া ১১ পৌরসভায় ভোটগ্রহণ হবে আগামী ১২ জুন।
প্রসঙ্গত, এসব ইউপি নির্বাচনে আচরণবিধি মনিটরিং ও অপরাধ সমূহ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারের লক্ষ্যে ভোটের আগে ও পরে মোট ৫ দিন উপজেলাভিত্তিক ১২শ ৪২ বিচারিক ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। এছাড়া ১১ পৌরসভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পৌরসভা ভিত্তিক নিয়োজিত থাকবেন একজন বিচারিক ও একজন নির্বাহি ম্যাজিস্ট্রেট। তারা নির্বাচনের দু'দিন আগে থেকে পরের দিন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল দ্বিতীয় দফায় দেশের ৫৭ জেলার ৩ হাজার ৮শ ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে আরো ২১টি ইউপি তফসিলে অন্তর্ভূক্ত এবং ৯টি ইউপি তফসিল থেকে বাদ দেয়া হয়। ফলে ৩ হাজার ৮শ ২৫টি ইউপির নির্বাচন ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে উপকূলীয় অঞ্চলের ১২টি জেলার ৭২টি উপজেলার ৫শ ৯৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করে। এরমধ্যে মামলা, ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা, নদী ভাঙজনিত কারণে ইউপির সংযোজন-বিয়োজনের ফলে ৪১টি ইউপির নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে ঘোষিত তফসিলে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ৫শ ৫৩টি ইউপির ভোটগ্রহণ সম্পন্ন করে ইসি।

কোন মন্তব্য নেই: