সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

মিয়ানমার সীমান্তে দুই শতাধিক প্রভাবশালী ইয়াবা ব্যবসায় জড়িত

দীপন বিশ্বাস,উখিয়া,

কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী এলাকা উখিয়া ও টেকনাফে মরণ নেশা ইয়াবা ব্যবসায় জড়িত রয়েছে কমপক্ষে দুই শতাধিক প্রভাবশালী ব্যক্তি। যে সরকার ক্ষমতায় থাকুক না কেন তাদের রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক। সীমান্তে নিয়োজিত সরকারি দায়িত্বশীল গোয়েন্দা সদস্যরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এ ইয়াবা পাচারের একাধিক তথ্য জানালেও প্রশাসনের এ ব্যাপারে নজরদারী অনেকটা কম বলে দাবী করছেন
এলাকার একাধিক মহল। যার ফলে বার বার গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে রয়ে যান। আইন প্রয়োগকারী সংস্থার হাতে মাঝে মধ্যে কিছু চুনোপুটি ইয়াবা ব্যবসায়ী আটক হলেও প্রভাবশালী সিন্ডিকেটের সদস্যরা সীমান্ত এলাকা থেকে দেশের বিভিন্নস্থানে পাচার করছে কোটি কোটি টাকার মরণ নেশা ইয়াবা। সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে এসব ব্যবসায়ীরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে। অনেকেই অতি অল্প সময়ে গাড়ি-বাড়ির মালিক হয়ে গেছেন।

সূত্র জানায়,গত বৃহস্পতিবার ১৯ মে রাত সাড়ে ৯ টায় উখিয়ার কোটবাজারস্থ বটতলি এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে একটি পাজারো গাড়ি থেকে ৪০ হাজার ইয়াবা সহ গাড়ি আটক করে। গাড়ির সূত্র ধরে উখিয়া থানা পুলিশের এস আই গোবিন্দ শুক্ল দাশের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফের মহেশখালীয় পাড়া গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে মৌলভি কবির আহমদ (৬০) ও তার ছেলে মাহবুবুর রহমান (২৯) কে গ্রেপ্তার করেছে। উখিয়া থানা পুলিশ শনিবার ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাদের কক্সবাজার আদালতে প্রেরণ করেছে। আটক পিতা-পুত্র স্থানীয় ওই পাড়ার বড় মাদ্রাসার সুপার ও নূরানী শিক্ষক।

স্থানীয় সরকারি দায়িত্বশীল সূত্রে জানা যায়,টেকনাফ-উখিয়া সীমান্ত এলাকায় বসবাসরত জনপ্রতিনিধি,ব্যবসায়ী,রাজনীতিকের ছত্রছায়ায় কমপক্ষে দুই শতাধিক প্রভাবশালী ব্যক্তি ইয়াবা ব্যবসায় জড়িত রয়েছে। গত বছরের জুন মাসে ১১-৫৪৮৫ গাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বহনের দায়ে গাড়ির চালক ও হেলপারকে আটক করে পুলিশ জেল হাজতে পাঠায়। গত কয়েকদিন আগে টেকনাফের মোস্তাক বাহিনীর সদস্যদের নিকট থেকে ১৩ হাজার ইয়াবা আটক করেছিল। এরপর টেকনাফের বার্মাইয়া আবদুর রহমানের দু'শিষ্য নীলা মৌলভি বাজারের দু'জন ৪ হাজার ইয়াবা নিয়ে ঢাকায় আটক হন। বার্মাইয়া আবদুর রহমান সহ আরো দু'জন ঢাকায় জেল হাজতে রয়েছে। গত বুধবার টেকনাফে হ্নীলা বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে দেড় হাজার ইয়াবা সহ স্থানীয় নুর মোহাম্মদের ছেলে আবদুস শুক্কুরকে আটক করে। গত ২০মে সাতকানিয়ার খাগরিয়া গ্রামের আবদুস শুক্কুরকে র্যাব রাজধানীর উত্তরার একটি চাইনিজ রেস্তুরা থেকে ১৮ হাজার ইয়াবা সহ আটক করেছে। আটক শুক্কুর র্যাবকে স্বীকারোক্তি দেয় টেকনাফ থেকে এ ইয়াবার চালান নিয়ে সে দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্নস্থানে ব্যবসা করে আসছে।

এদিকে টেকনাফের দমদমিয়া চেকপোষ্টের বিজিবি জওয়ানরা গত ২৬মে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এছাড়া পাচার কাজে ব্যবহ্নত ১টি মাইক্রোবাস সহ পাচারকারী টেকনাফের পুরাতন পল্লান পাড়ার আবুল কালাম,নাটমুড়া পাড়ার ওয়ারিশ হোসেন ও সাবরাং এর শাহ আলমকে আটক করে।

উখিয়া থানার ওসি নিয়াজ মোহাম্মদ সাংবাদিকদের জানান,আটক টেকনাফের দুই মৌলভি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।

সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) এএসপি ছত্রধর ত্রিপুরা বলেন,ইয়াবা পাচারকারীদের আটকের ব্যাপারে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

কোন মন্তব্য নেই: