
ইউএনটি ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে চেন্নাই। শনিবার রাতে ফাইনাল লড়াইয়ে তারা ৫৮ রানে পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। শিরোপা জিততে ২০৬ রানের পাহাড় টপকাতে হতো গেইলের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। কিন্তু ২০৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৮ উইকেটে ১৪৭ রান করতে সক্ষম হয় ব্যাঙ্গালোর। ফলে ৫৮ রানে জিতে টানা দ্বিতীয়বারের মত এ আসরের শিরোপা জিতলো চেন্নাই। আর এ আসরে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো
চেন্নাই। অন্যদিকে আইপিএল ফাইনালে দ্বিতীয়বার উঠেও চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হলো ব্যাঙ্গালোর।
ব্যাঙ্গালোরের প্রথম শিরোপা অর্জনের পথে প্রাচীর গড়ে দেয় চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গত আসরের চ্যাম্পিয়ন স্বাগতিক চেন্নাইয়ের মুখোমুখি হয় ব্যাঙ্গালোর। এমএ চিদাম্বরম স্টেডিয়াম একে তো পরিচিত মাঠ আর টসও জেতেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপ ফাইনালেও শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতেছিলেন ভারতীয় অধিনায়ক ধোনি। আইপিএলের ফাইনালেও টস জিতে ব্যাট হাতে নেয়ার সিদ্ধান্ত নেন তিনি। তার সিদ্ধান্তকে সায় জানিয়েই যেন ঝলসে ওঠেন স্বাগতিক দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাইক হাসি ও ভারতীয় জাতীয় দলের টেস্টে সদ্য অন্তর্ভূক্ত মুরালি বিজয়। তারা প্রথম উইকেটে তা-ব চালিয়ে মাত্র ৮৯ বলে তুলে নেন ১৫৯ রান। হাসি ৩টি করে চার ও ছক্কায় ৪২ বলে ৬৩ রান করে সৈয়দ মোহাম্মদের বলে সাজঘরে ফেরেন। তবে মুরালি বিজয় যেন গেইলের পেছনেই লেগেছিলেন। চলতি আসরে গেইলের রয়েছে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। মুরালি বিজয়ের কাছেই তা হাতছাড়া হতে পারতো। তবে শেষ পর্যন্ত পারেননি বিজয়। ৬টি বিশাল ছক্কা আর ৪টি চারের সহায়তায় ৫২ বলে ৯৫ রান করে শ্রীণাথ অরবিন্দের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। তবে এ দু'জনকে বিদায় দিতে যতটুকু ঘাম ঝরেছে ব্যাঙ্গালোর বোলারদের সে ঘামে রান- সমুদ্রে পরিণত হয়েছে চেন্নাই'র। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে তারা। শ্রীনাথ অরবিন্দ ও ক্রিস গেইল নেন ২টি করে উইকেট।
গ্রুপ পর্বে কিংস ইলেভেন পাঞ্জাব ২৩২ রান করেছিল ব্যাঙ্গালোরের বিপক্ষে। সেদিন ভয়ঙ্কর গেইল শূন্য হাতে সাজঘরে ফেরেন আর দলও হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছিল মাত্র ১২১ রানে। আজ ফাইনাল ম্যাচে ইতিমধ্যেই আসরের ৪৪ ছক্কার মালিক এ বিশাল টার্গেট ছুঁতে ছিলেন একমাত্র ভরসা। কিন্তু এ দিনও হতাশ করেছেন তিনি। মাত্র ৩ বল খেলেই আবারো শূন্য হাতেই ফিরেছেন সাজঘরে। গেইলকে হারিয়ে যেন আরো মুষড়ে পড়ে ব্যাঙ্গালোর। আর তাদের আরো চেপে ধরেন স্বাগতিক বোলাররা। ফলে শুরু থেকেই উইকেট খোয়ানো ব্যাঙ্গালোর নির্ধারিত ২০ ওভারে করে ৮ উইকেটে ১৪৭ রান। সৌরভ তিওয়ারি ৩৪ বলে ৩টি ছক্কা ও ১টি চারে সর্বোচ্চ ৪২ আর বিরাট কোহলি ৩২ বলে ১টি করে চার ও ছক্কায় করেন ৩৫ রান। শেষ দিকে জহির খানের ২১ বলে ২১ রানে বড় পরাজয়ের লজ্জা থেকে বাঁচে তারা। রবীচন্দ্রন অশ্বিন ৪ ওভারে মাত্র ১৬ রানে নেন ৩ উইকেট। এ ছাড়া শাদাব জাকাতি পান ২ উইকেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন