সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টাকা আদায়ে ইউনিপে টু ইউর গ্রাহকদের নতুন কৌশল

ইউএনটি ডেস্ক
ইউনিপে টু ইউর তিন কর্মকর্তার জমিতে নামফলক (সাইনবোর্ড) লাগিয়ে দিয়েছেন দুই শতাধিক গ্রাহক। কর্মকর্তারা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করলে টাকা আদায়ের জন্য গ্রাহকেরা গত বুধবার সকালে এ কৌশল নেন।
নামফলকে লেখা ছিল, ‘এ সম্পত্তি ইউনিপে টু ইউর বিনোয়োগকারী
ক্ষতিগ্রস্ত ফোরাম পরশুরাম উপজেলা গ্রাহকদের নিকট দায়বদ্ধ আছে।’
গ্রাহকদের অভিযোগ, ইউনিপে টু ইউর ফেনী জেলার প্রধান কর্মকর্তা মিজানুর রহমানসহ ইকবাল হোসেন, মাওলানা শহিদ উল্যাহ ও মোর্শেদ হোসেন পরশুরাম উপজেলার প্রায় দুই হাজার গ্রাহকের কাছ থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ করেন। গত ডিসেম্বরে ইউনিপে টু ইউ বন্ধ হয়ে যাওয়ার পর তাঁরা পালিয়ে যান।
জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি মিজানুর রহমান ও ইকবাল হোসেন বাড়িতে গেলে গ্রাহকেরা তাঁদের আটক করে গণধোলাই দেন। পরে পরশুরাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদারের মধ্যস্থতায় মিজানুর রহমান ও ইকবাল হোসেন এক মাসের মধ্যে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলে তাঁদের কাছ থেকে ছয়টি স্ট্যাম্পে সই নিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দুই মাস পরও টাকা না দেওয়ায় ইউনিপে টু ইউর গ্রাহকেরা গত বুধবার সকালে উপজেলা পরিষদ সড়কে একত্রিত হয়ে মিজানুর রহমান, ইকবাল হোসেন ও মোর্শেদের জমিতে নামফলক লাগিয়ে দেন।
ইউনিপে টু ইউর বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত ফোরাম পরশুরাম উপজেলা শাখার আহ্বায়ক আক্কাস মিয়া জানান, ইউনিপে টু ইউর ফেনী জেলার প্রধান কর্মকর্তা মিজানুর রহমানের মির্জানগর ইউনিয়নের ছয়ঘরিয়া, উত্তর কাউতলী, পশ্চিম সাহেবনগর গ্রামে দুই একর, মোর্শেদ হোসেনের উপজেলা পরিষদ কমপ্লেক্সের পেছনের জমিতে তাঁরা নামফলক লাগিয়েছেন।
কয়েকজন গ্রাহক জানান, ইউনিপে টু ইউর কর্মকর্তারা গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে শহরে ও গ্রামে প্রচুর জায়গা-জমি কিনেছেন। কিন্তু গ্রাহকদের কোনো টাকা তাঁরা ইউনিপে টু ইউতে জমা না দিয়ে গ্রাহকদের তাঁরা ভুয়া ভাউচার দিয়ে সব টাকা আত্মসাৎ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ইউনিপে টু ইউর কর্মকর্তা বিলোনিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে মোর্শেদ হোসেনকেও আটক করে গণধোলাই দেওয়া হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিনোয়োগকারীদের টাকা পরিশোধ করবেন নতুবা জমি দেবেন বলে লিখিত স্ট্যাম্প দিয়ে ছাড়া পান।
গ্রাহকেরা জানান, টাকা পরিশোধ না করা পর্যন্ত তাঁদের জমি ইউনিপে টু ইউর ক্ষতিগ্রস্ত গ্রাহক ফোরামের দখলে থাকবে।

কোন মন্তব্য নেই: