বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান
গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানানোর মধ্য দিয়ে আজ রোববার বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ চত্বরে বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে উপস্থি'ত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান বীর বাহাদুর উশৈসিং। বান্দরবান বন বিভাগ, কৃষি বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এই মেলা আয়োজন করে।
জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার কামরুল আহসান, কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল কালাম, বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা তৌছিফুল বারী খান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এমপি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছের প্রয়োনীয়তা জীবনের সর্বক্ষেত্রে রয়েছে। গাছ অক্সিজেন দিয়ে আমাদের জীবন রক্ষা করে। গাছের কোনো বিকল্প নেই। তিনি বলেন, গাছই পারে বর্তমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও গ্রীণহাউজ অ্যাফেক্টের হাত থেকে আমাদের রক্ষা করতে, পরিবেশকে বাঁচিয়ে রাখতে। তাই বেঁচে থাকার প্রয়োজনেই আমাদেরকে গাছ লাগাতে হবে। তিনি বলেন, তবে মনে রাখতে হবে, কেবল গাছ লাগালেই হবে না, এগুলো রক্ষণাবেক্ষণ ও বড় করে পরিবেশকে রক্ষার দায়িত্বও আমাদের পালন করতে হবে। তিনি প্রত্যেক মানুষকেই গাছ লাগিয়ে পরিবেশ বিপন্ন হওয়া থেকে রক্ষার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
পরে প্রধান অতিথি মেলায় আগত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে বিনা মূল্যে চারা বিতরণ করেন।
এর আগে বৃক্ষ মেলা উপলক্ষে বিকেল তিনটায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পূণরায় একই সাথে গিয়ে শেষ হয়। র্যালীতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বন বিভাগ, কৃষি বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, স্কাউটস, কাঠ ব্যবসায়ী সমিতি, এনজি কর্মীরা অংশ নেন।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় সরকারি-বেসরকারি, এনজিও এবং ব্যক্তি মালিকানাধীন ২০টি স্টল দেয়া হয়। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গরেন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলায় বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শনী ও বিক্রির জন্য খোলা থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন