|
একই ধারার আরেক জনপ্রিয় শিল্পী মমতাজের অবর্তমানে কিছুটা আশার আলো জ্বালিয়ে ছিলেন সালমা। কিন্ত তার বিয়ের পর খানিকটা চুপসে গেছেন বলেই মনে করছেন সালমা সংশ্লিষ্টরা। অনেকেই মনে করছেন, এখানেই সালমার অগ্রগতির ইতি ঘটলো। বড্ড অসময়ে নিভে গেল আরেকটি তাজাকণ্ঠ। আরো বলছেন, এত অল্প বয়সে হুট করে
এমন সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি তার।
বিষয়টিকে অনেকটা আত্মঘাতী হিসেবে মনে করছেন, কেউ বলছেন জেদের ফসল। সালমার বিপরীতে এমন নানা মুনির নানা মতের সঠিক জবাব এখনো দিতে পারেননি সালমা। উল্টো গেল মাস দুই ধরে বিবাহোত্তর সংবর্ধনার দিনক্ষণ তৈরি করতেই হিমশিম খাচ্ছেন তিনি। একবার বলছেন ১৬ই জুন, আবার বলছেন ১৬ই জুলাই। আরো বলছেন, যে হারে বৃষ্টি হচ্ছে তাতে অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করতে পারছি না। সঙ্গে এটাও বলছেন, তার তিন দেবরের টানা পরীক্ষার কারণেও সংবর্ধনার তারিখ নির্ধারণে সমস্যা হচ্ছে। যে কারণেই হোক, সংবর্ধনা না হলেইবা কি? সালমার সুখের সংসার তো চলছে নিয়মিত। ধানমন্ডির নিজস্ব ফ্ল্যাটে এরই মধ্যে গুছিয়ে তুলেছেন আপন সংসার। ক্লোজআপ ওয়ানের শিশু সালমা থেকে এখন তিনি শতভাগ সংসারী। বলছেন, সবার দোয়ায় আমি শতভাগ সুখে আছি। এদিকে সমপ্রতি ঘরমুখো সালমাকে ঘিরে নতুন সংবাদ উড়ে বেড়াচ্ছে গানের বাজারে। বিভিন্ন সূত্রে জানা গেছে, মা হচ্ছেন সালমা। মূলত সেজন্যই এখন আর তাকে পাওয়া যাচ্ছে না গানের মাঠে আগের মতো।
সুখবরের সত্যতা প্রসঙ্গে সালমার ভাষ্য এমন আমি নিজেই তো এখনো বাচ্চা রয়ে গেছি। আবার এটাও ঠিক, বিয়ে হয়েছে, সুখের সংসার হয়েছে, সে সংসারে আল্লাহর রহমতে নতুন অতিথিও আসবে। বলার মতো সুখবর হলে অবশ্যই বলবো। এটা লুকোচুরি কিছু না। এখনও আমি সেই সুখবরটা দিতে পারছি না। এর সঙ্গে সালমা এটাও বলেন, এমনিতে কদিন ধরে আমার শরীরটা খুব একটা ভাল যাচ্ছে না। বাসাতেই বেশিরভাগ সময় থাকছি। দোয়া করবেন।
এদিকে বিয়ে পরবর্তী সময়ে সালমা অন্তত দুটি একক অ্যালবামের উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত একটিরও সিদ্ধান্ত নিতে পারেননি। ঈদ সামনে রেখে নতুন অ্যালবাম তৈরি তো দূরের কথা, পরিকল্পনাই এখনও করেননি। তিনি বলেন, একবার ভেবেছি শওকত আলী ইমন ভাইয়ের সুরে করবো। আবার ভাবলাম ফুয়াদ ও আরফীন রুমীর সুরে করবো। এখন ভাবছি বেশ কজন সুরকারের সুরে করবো। কবে নাগাদ করবো সেটা বুঝে উঠতে পারছি না। সব মিলিয়ে কেমন যেন সংসারের ফাঁদে ক্রমশ আটকা পড়ছেন সালমা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন