সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

তিন রূপে রবি চৌধুরী

Robi Chowdhury
আধুনিক বাংলা গানে ৯০ দশকের অন্যতম দাপুটে কণ্ঠশিল্পী রবি চৌধুরী একসঙ্গে হাত দিয়েছেন তিনটি ভিন্ন ধারার একক অ্যালবামে। এর মধ্যে একটি উর্দু গজল, একটি ডিজে মিক্স এবং অন্যটি হচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার গান। একসঙ্গে তিনটি ভিন্ন ধারার অ্যালবাম করা প্রসঙ্গে রবি চৌধুরী বলেন, অনেক দিন ধরে অনেক ভেবে চিন্তে তিনটি অ্যালবামের উদ্যোগ নিয়েছি। তারও আগে আমার নিজস্ব স্টুডিও ‘গানের দোকান’ গড়েছি। যেন পরিকল্পনা মাফিক কাজের গতিতে ব্যাঘাত না ঘটে। এরই মধ্যে টুক টুক করে অ্যালবাম তিনটির কাজ শুরু করে দিয়েছি। এ নিয়ে আমার মধ্যে কোন তাড়াহুড়া নেই। এ তিনটি অ্যালবাম নিয়ে রবি চৌধুরীর বিস্তর পরিকল্পনা এবং স্বপ্ন। এর মধ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার অ্যালবামটির নাম রেখেছেন ‘চট্টমেট্রো’। চাঁটগাঁও’র ছেলে হিসেবে বরাবরই যিনি সেখানকার আঞ্চলিক গান নিয়ে ভেবেছেন, গেয়েছেন। তবে অ্যালবাম করা হয়নি। সেই অভাববোধ থেকেই এবার তিনি চাঁটগাঁওয়ের আঞ্চলিক ভাষায় গান করছেন। এ প্রসঙ্গে রবি বলেন, দুই একটি থাকছে জনপ্রিয় পুরনো গান। বাকী গানগুলো আমি এবং চট্টগ্রামের কয়েকজন গীতিকার বন্ধুদের সমন্বয়ে লেখা হচ্ছে। পাশাপাশি সুর-সংগীতও করছি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আগে সোলস, রেনেসাঁ চট্টগ্রামের আঞ্চলিক গানগুলো নিয়মিত করতো। এর পর আমিও করেছি। এর সঙ্গে শ্রদ্ধেয় শেফালী ঘোষ-শ্যাম সুন্দর ও চলে গেলেন। সব মিলিয়ে ইদানীং এসে লক্ষ্য করলাম চাঁটগাঁও’র আঞ্চলিক গানে একটু ভাটা পড়েছে। সেই অভাববোধ থেকেই অ্যালবামটি করছি। আঞ্চলিক গানের পাশাপাশি রবি চৌধুরী তার নতুন প্রজন্মের শ্রোতাদের কথা ভেবে এরই মধ্যে হাতে নিয়েছেন ডিজে মিক্স ঘরানার একটি অ্যালবামের। এ অ্যালবামের জন্যও বেশ কয়েকটি গান রেকর্ড করে ফেলেছেন নিজ স্টুডিও গানের দোকানে। হঠাৎ ডিজে মিক্স ঘরানায় কেন? এমন প্রশ্নে তিনি বলেন, সময় বদলায়, চাহিদাও। এখনও নব্বই দশকের ধ্যান ধারণা নিয়ে গোঁ ধরে বসে থাকলে তো হবে না। সময়ের দাবি আমাদের মেনে নিয়েই এগুতে হবে। সে ভাবনা থেকেই একটা রিদমিং ডিজে ঘরানার অ্যালবাম করার পরিকল্পনা মাথায় আসে। যে গানগুলো গাড়িতে, গলির মুখে, বিয়ে বাড়িতে, ডান্স ফ্লোরে বাজানোর মতো হবে। এ ধরনের কমপ্লিট অ্যালবাম আমাদের দেশে নেইও। ফলে ঘুরে ফিরে মুন্নি-শীলাদের আশ্রয় নিতে হয়। এদিকে আঞ্চলিক এবং ডিজে মিক্সের সম্পূর্ণ বিপরীতে গিয়ে আরেকটি অ্যালবামের কাজ করছেন রবি চৌধুরী। এটি হলো উর্দু গজলের অ্যালবাম। সম্পূর্ণ মৌলিক কথা এবং সুরের এ অ্যালবামটির চারটি গান এরই মধ্যে তৈরি করে ফেলেছেন তিনি। গজলগুলোর সুর-সংগীত তার একার হলেও কথা লিখেছেন সেলিম আমিনুল ইসলাম। এ প্রসঙ্গে রবি বলেন, গজল আমার অনেক প্রাণের একটি বিষয়। আমি নিজের জন্য হলেও ঘরে বসে একা একা গজলে ডুব দেই। তবে যাই হোক আমি নিজের সুরে একটা উর্দু গজলের পূর্ণাঙ্গ অ্যালবাম করতে চাই। রেখে দিতে চাই নিজের অসংখ্য আধুনিক বাংলা গানের অ্যালবামের পাশাপাশি উর্দু গজলের একটি পূর্ণাঙ্গ অ্যালবামও। কিন্তু প্রশ্ন হলো কোন অ্যালবামটি আসছে কবে? শেষ পর্যন্ত আসবে তো! রবি চৌধুরী বলেন, অবশ্যই আসবে। তিনটি অ্যালবামই করছি প্রাণের টানে, সময়ের দাবিতে। আমি জানি এই তিনটি অ্যালবাম করলে অস্কারও পাবো না, গিনেস বুকেও আমার নাম উঠবে না, যা করছি পুরটাই মনের তাগিদে। তিনটি অ্যালবামের মধ্যে আসন্ন ঈদে প্রকাশ করবো যে কোন একটি। কোরবানীর ঈদে করবো আরেকটি। বাকিটা করবো বছরের একদম শেষ প্রান্তে থার্টি ফার্স্টকে সামনে রেখে। সে হিসেবেই এগুচ্ছি।

কোন মন্তব্য নেই: