সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

হিনা রাব্বানী হচ্ছেন পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী!



ইউএনটি ডেস্ক
পাকিস্তানে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানী খাঁ (৩৪)। এমন খবর ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। তাতে বলা হয়েছে, তার সঙ্গে এ পদের যারা দাবিদার তার মধ্যে সবাইকে ছাড়িয়ে এগিয়ে আছেন হিনা রাব্বানী খাঁ। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সরদার আসিফ আহমাদ আলী এবং মাখদুম সাহাবুদ্দিন। গতকাল এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে আরও বলা হয়েছে, হিনা রাব্বানী
সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের আমলে পিএমএল-কিউ দলের সদস্য ছিলেন। ২০০৮ সালে সাধারণ নির্বাচনের আগে তিনি বর্তমান ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) যোগ দেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হওয়ার দৌড়ে হিনা রাব্বানীই এগিয়ে আছেন। গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে সরিয়ে দেয়া হয়। এরপর থেকে পররাষ্ট্রমন্ত্রীর পদটি ফাঁকা। পাকিস্তান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী জুলাইয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করবেন। এ প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতও জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিনাকে স্বাগত জানাতে তারা প্রস্তুত। এখন খবর সত্যি হলে হিনাই হবেন পাকিস্তানের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী।

কোন মন্তব্য নেই: