সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

হলদিয়াপালংয়ে শেষ সময়ের দৌড়ঝাঁপ

সরওয়ার আলম শাহীন, উখিয়া: 
নির্বাচনের দিন যতই কাছে আসছে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের ততই চলছে জীবন মরণ দৌড়ঝাঁপ। প্রার্থীরা দিনের ব্যস্ততা ছাড়াও রাতে নেমে পড়ছেন বিভিন্ন মিশনে। ভোটারদের বাড়ি বাড়ি ঘিয়ে করছেন সালাম বিনিয়ম, দোয়া কামনা। মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ ধর্মীয়
প্রতিষ্ঠানগুলোতে দিচ্ছেন আর্থিক অনুদান। পাশাপাশি শেষ সময় হওয়ায় প্রার্থীরা নেমেছেন ভোট কেনার মিশনে। এমন অভিযোগ প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে করছেন। উখিয়া উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে হদলিয়া পালং ইউনিয়নের জনগণের মধ্যে রাজনীতির চেয়ে ব্যক্তি জনপ্রিয়তায় বেশি। তাই এ ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপির ছাড়াও ব্যক্তিগত ইমেজ ও ব্যক্তি জনপ্রিয়তায় কাজ করবে বলে স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে। হলদিয়া পালং ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৩০২ জন। তার মধ্যে পুরুষ ১১ হাজার ৩৪৭ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৯৫৫জন।
এ ইউনিয়নে সর্বশেষ জরিপ ও ভোটারদের মতামত বিশ্লেষণ করে দেখা গেছে লড়াই হবে মূলত বিএনপি প্রার্থী সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সিকদার ও আওয়ামী লীগের কামাল উদ্দিন মিন্টুর মধ্যে। বিগত দিনে এ ইউনিয়নের নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ থেকে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সর্বশেষ নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী এডভোকেট মোস্তফা কামাল চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন ৪ হাজার ৭শ’ ভোট পেয়ে। এবারও বিএনপি’র হিসেবে ফজলুল করিম সিকদার (চশমা) প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। বিএনপির পুরোপুরি সমর্থন তার দিকে থাকায় বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি। তাছাড়া সাবেক চেয়ারম্যান হিসেবেও রয়েছে তার ব্যাপক পরিচিতি। বিএনপি ছাড়াও অন্য দলের কাছেও তিনি সমান জনপ্রিয়। এখানে তার সঙ্গে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন মিন্টুর সঙ্গে। তিনি প্রার্থী হয়েছেন দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে। তিনিও রয়েছেন জনপ্রিয়তার তুঙ্গে। যেখানেই যাচ্ছেন সেখানেই জনগণের সমর্থন পাচ্ছেন দলমত নির্বিশেষে। তাছাড়া এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী কাউকে সমর্থন না করলেও চৌধুরী পাড়ার ছেলে হিসেবে মাহমুদুল হক চৌধুরীরও তার পক্ষে সমর্থন থাকবে বলে এলাকাবাসীর ধারণা। ফজলুল করিম সিকদার ও কামাল উদ্দিন মিন্টু ছাড়া এ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাবেক সভাপতি বাদশা মিয়া চৌধুরী (গরুর গাড়ি), আমিনুল হক আমিন (দোয়াত কলম), শামসুল হক বাবুল (তালা), ডা. আবুল কাসেম (জাহাজ), গিয়াস উদ্দিন চৌধুরী (আনারস), বদিউল আলম চৌধুরী (কাপ পিরিচ)। সব প্রার্থী প্রতীক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা ছাড়া রাতেও নেমে পড়ছেন বিভিন্ন ঘরোয়া মিটিংয়ে। করছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শলা পরামর্শ। কৌশল আঁটছেন কিভাবে নির্বাচনী যুদ্ধে জয়ী হওয়া যায়। এলাকাবাসীর সঙ্গে আলাপ করে জানা গেছে, এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপির ফজলুল করিম সিকদার ও আওয়ামী লীগের কামাল উদ্দিন মিন্টুর মধ্যে। কারণ, সাবেক চেয়ারম্যান হিসেবে ফজলুল করিম চৌধুরীর রয়েছে ব্যাপক পরিচিতি ও আলাদা গ্রহণ যোগ্যতা। আর আওয়ামী লীগ একাধিক প্রার্থী হওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছে কামাল উদ্দিন মিন্টু। বাকী প্রার্থীদের মধ্যে লড়াইয়ে ভোটারদের কেউ কেউ আওয়ামী লীগের আমিনুল হক আমিনকেও আনছেন। তবে ভোটার যে যাই বলুন না কেন সবই জল্পনা কল্পনা মাত্র। ভোটারদের কথা কোনটা সঠিক আর কোনটা ভুল তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন।

কোন মন্তব্য নেই: